জাতীয়

বছরব্যাপী মৃত ভোটারদের তথ্য সংগ্রহ করবে ইসি

ভোটার তালিকা আরও নির্ভুল ও হালনাগাদ রাখতে মৃত ভোটারদের তথ্য সংগ্রহে নতুন উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। পরিকল্পনা অনুযায়ী, ভোটার তালিকা থেকে মৃত ব্যক্তিদের নাম বাদ দেওয়ার কার্যক্রমকে বছরব্যাপী প্রক্রিয়ায় রূপ দিতে প্রথম ধাপে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হবে।

মঙ্গলবার (১৬ জুন) ইসির সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা এ তথ্য জানান। 

কর্মকর্তারা জানান, মৃত ভোটার কর্তন কার্যক্রমকে নিয়মিত ও কার্যকর করতে ভোটার তালিকা হালনাগাদের আদলে মাঠপর্যায়ে তথ্য সংগ্রহ করা হবে। এ জন্য সংশ্লিষ্ট কর্মকর্তারা বাড়ি বাড়ি গিয়ে মৃত ভোটারদের তথ্য যাচাই করবেন। পাশাপাশি চৌকিদার-দফাদার, ধর্মীয় নেতা ও স্থানীয়ভাবে তথ্য জানা ব্যক্তিদের কাছ থেকেও মৃত ভোটারদের তথ্য নেওয়া হবে।

নির্বাচন কমিশনের কর্মকর্তারা মনে করছেন, বিভিন্ন উৎস থেকে নিয়মিত তথ্য সংগ্রহ করা গেলে বছরজুড়ে মৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়ার কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হবে। এতে ভোটার তালিকায় মৃত ব্যক্তিদের নাম থাকার প্রবণতা কমবে এবং তালিকার নির্ভুলতা বাড়বে।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিন ধাপে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিচালনা করে ইসি। এসব কার্যক্রমের মাধ্যমে প্রায় ২১ লাখ মৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।

সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন।