জাতীয়

আওয়ামী লীগ দুর্নীতি যেমন করেছে, অপচয়ও করেছে: জোনায়েদ সাকি

বিগত আওয়ামী লীগ সরকার ‍দুর্নীতি যত করেছে সঙ্গে তত অপচয়ও করেছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি। তিনি বলেন, আওয়ামী লীগ ছিল একটি দুর্নীতি পরায়ন দুর্বৃত্ত সরকার।

মঙ্গলবার (১৬ জুন) সচিবালয়ে একনেক সভা শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতি হয়েছে অনেক, শুধু দুর্নীতি নয়, এর সঙ্গে সঙ্গে তারা অনেক অর্থের অপচয়ও করেছে। এ কারণে চলমান প্রকল্পগুলো বিচার-বিশ্লেষণ করে পুনরুজ্জীবন করা হবে।

প্রতিমন্ত্রী জানান, ৬০ ভাগের ওপরে সম্পন্ন হওয়া প্রকল্পগুলো দ্রুততার সাথে শেষ করা হবে। আর যেসব প্রকল্পের কাজ ৩০ শতাংশের নিচে সেগুলো পুনর্বিবেচনা করে নতুন প্রকল্পের সঙ্গে বাস্তবায়নের চেষ্টা করা হবে।

এসময় প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা, অনিয়ম ও দুর্নীতি যারা করবে, তাদের কোন ছাড় দেয়া হবে না বলে জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী।

প্রসঙ্গত, এর আগে আজ একনেক সভায় পাঁচটি প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এসব প্রকল্পে সব মিলিয়ে ৭ হাজার ৩ কোটি ৩৬ লাখ টাকা ব্যয় হবে। 

প্রকল্পগুলো হলো প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘সাপোর্টিং ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট ফর চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন’ প্রকল্প, পানি সম্পদ মন্ত্রণালয়ের ‘ফেনী জেলাধীন মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ প্রকল্প, ‘করতোয়া নদী সিস্টেম উন্নয়ন’ প্রকল্প ও পদ্মা নদীর ভাঙন থেকে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলাধীন তালবাড়িয়া এবং কুমারখালী উপজেলাধীন শিলাইদহ ইউনিয়নের কোমরকান্দি এলাকা রক্ষা (১ম সংশোধন)’ প্রকল্প, এবং শিক্ষা মন্ত্রণালয়ের ‘১০০টি উপজেলায় ১টি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন (৩য় সংশোধিত)’ প্রকল্প।

অনুমোদিত পাঁচটি প্রকল্পের মধ্যে তিনটি নতুন এবং দুটি সংশোধিত প্রকল্প।