জাতীয়

নতুন বাণিজ্য সচিব নিয়োগ দিল সরকার 

মো. আতাউর রহমান খানকে পদোন্নতি দিয়ে বাণিজ্য সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। 

আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ নিয়োগের প্রজ্ঞাপন জারি করে। এর আগে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। 

আতাউর রহমান খান ইকোনমিক ক্যাডারের ১৮তম ব্যাচের কর্মকর্তা হিসেবে চাকরিতে যোগ দেন। ২০১৮ সালের ১৩ নভেম্বর বিসিএস প্রশাসন ক্যাডারের সঙ্গে একীভূত হয় ইকোনমিক ক্যাডার।

গত ১৭ এপ্রিল বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা যান।এরপর থেকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খান রুটিন দায়িত্ব পালন করে আসছিলেন।তিনি বিসিএস ১৫তম ব্যাচের কর্মকর্তা।

এদিকে সচিবালয় সূত্রে জানা গেছে, দায়িত্ব পেয়ে কর্মস্থল বাণিজ্য মন্ত্রণালয়ে যোগ দিয়েছেন আতাউর রহমান খান। মঙ্গলবার বিকালে তিনি বাণিজ্য মন্ত্রণালয়ে আসেন। এ সময় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বাণিজ্য সচিবকে আনুষ্ঠানিকভাবে তাকে স্বাগত জানান।

এ সময় মন্ত্রী নবনিযুক্ত সচিবকে মন্ত্রণালয়ের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।