বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)’র চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন মীর নাদিয়া নিভিন। তিন বছর মেয়াদে তাকে উক্ত পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
মঙ্গলবার (১৬ জুন) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ আইন ২০১০ এর ধারা-৫ এর উপধারা-২ অনুযায়ী মীর নাদিয়া নিভিন অন্যান্য সকল প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে তিন বছর মেয়াদে আইডিআরএর চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। তার পারিশ্রমিক, ভাতা ও অন্যান্য শর্তাদি সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির মাধ্যমে নির্ধারিত হবে।
অন্তর্বর্তী সরকারের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ছিলেন নাদিয়া নিভিন। এছাড়া তিনি ২০২৫ সালের অক্টোবর থেকে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের নিরপেক্ষ পরিচালক ছিলেন ।
উল্লেখ্য, গত ২ মার্চ আইডিআরএ’র চেয়ারম্যান ড. আসলাম আলম পদত্যাগ করেন।