আন্তর্জাতিক

নিউ ইয়র্কে আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের মধ্যে মারামারি

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী ম্যাচের কয়েক ঘণ্টা আগে নিউ ইয়র্কে আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের মধ্যে সহিংসতার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ জুন) এনওয়াই স্পোর্টস ডে এ তথ্য জানিয়েছে।

সোমবার রাতে বিশ্বের অন্যতম সর্বাধিক ছবি তোলা হয় এমন একটি জনবহুল স্থানটিতে এই মারামারি শুরু হয়। সংঘাত শুরুর পরে আতঙ্কিত হয়ে পর্যটকরা পালাতে শুরু করে। অবশ্য তাৎক্ষণিকভাবে নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) ঘটনাস্থলে পৌঁছেছে।

এটি টুর্নামেন্টের প্রথম বড় ধরনের সমর্থক-সহিংসতার ঘটনা হিসেবে ইতোমধ্যেই আন্তর্জাতিকভাবে ছড়িয়ে পড়েছে।

গ্রুপ ‘জে’-এর উদ্বোধনী ম্যাচের আগে আর্জেন্টিনার সমর্থকরা তাদের ঐতিহ্যবাহী ‘বান্দেরাজো’ উৎসবের জন্য জড়ো হয়েছিল। এটি হলো বড় ম্যাচের আগে আর্জেন্টিনার সমর্থক সংস্কৃতির একটি গণ-পতাকা প্রদর্শন সমাবেশ—যা টাইমস স্কোয়ারকে নীল ও সাদা রঙে রাঙিয়ে তুলেছিল।

ফরাসি এবং সেনেগালের সমর্থকদের পাশাপাশি উল্লেখযোগ্য সংখ্যক আলজেরীয় সমর্থকও সেখানে উপস্থিত ছিলেন।

লে প্যারিসিয়েন-এর বরাত দিয়ে ইনফোবে-এর প্রতিবেদন অনুসারে, সমর্থকরা প্রথমে অশ্লীল অঙ্গভঙ্গি ও অপমানজনক স্লোগান বিনিময় শুরু করে এবং এরপর হাতাহাতি, ঘুষি ও লাথি ছোড়াছুড়ি শুরু করে।

প্রাপ্ত ফুটেজে দেখা গেছে, অপ্রাপ্তবয়স্ক এবং নিরীহ পথচারীরা উড়ে আসা বস্তু থেকে বাঁচতে দৌড়াচ্ছে এবং কিছু পথচারী দলগুলোকে আলাদা করার চেষ্টা করছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম ডায়ারিও এএস এই দৃশ্যকে ‘বাতাল্লা কাম্পাল’ অর্থাৎ একটি তুমুল লড়াই হিসেবে আখ্যায়িত করেছে এবং একে ‘প্রাইমেরা ইমাজেন ফেয়া দেল মুন্ডিয়াল’, অর্থাৎ বিশ্বকাপের প্রথম কদর্য চিত্র বলে অভিহিত করেছে।

লে ফিগারো এবং ইনফোবে-র তথ্য অনুযায়ী, পুলিশ সংঘর্ষ থামাতে এগিয়ে আসে এবং গ্রেপ্তার করে।