বকেয়া পাওনা পরিশোধ এবং কারখানা বিক্রি হলে শ্রমিকসহ হস্তান্তরের দাবিতে ভুখা মিছিল করেছেন বরিশালের অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার কারখানার শ্রমিক-কর্মচারীরা।
মঙ্গলবার (১৬ জুন) সকালে ওই কারখারার শ্রমিক-কর্মচারীরা গ্যাস টার্বাইন থেকে রূপাতলী পর্যন্ত ভুখা মিছিল এবং রূপাতলী গোলচত্বরে বিক্ষোভ কর্মসূচি পালন করেন।
মিছিলটি কারখানার প্রধান ফটক থেকে শুরু হয়ে রূপাতলী বাস স্ট্যান্ডের গোলচত্বর এলাকা প্রদক্ষিণ করে। এতে শতাধিক শ্রমিক-কর্মচারী অংশ নেন।
তারা অবিলম্বে সকল বকেয়া মজুরি, ওভারটাইম, নাইট বিল, সার্ভিস বেনিফিট এবং কারখানা বিক্রি হলে শ্রমিকসহ কারখানা হস্তান্তর করে শ্রমিকদের স্বার্থ সংরক্ষণের দাবি জানান।
ভুখা মিছিল শেষে রূপাতলী গোলচত্বরে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিক্ষোভ সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার লিমিটেডের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি সেলিম সরদার।
সমাবেশে শ্রমিকরা বলেন, কারখানা বন্ধের নোটিশ পাওয়ার পর দীর্ঘ এক সপ্তাহ ধরে শ্রমিক-কর্মচারীরা অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। বকেয়া পাওনা পরিশোধ না হওয়ায় অনেক পরিবার মানবেতর জীবনযাপন করছে।
তারা দ্রুত সমস্যার সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য আহ্বান জানান।
সমাবেশে বক্তব্য রাখেন— বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলা শাখার সদস্য মো. বেল্লাল হোসেন গাজী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের বরিশাল জেলা শাখার দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, বরিশাল রিকশা-ভ্যানচালক শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক শহিদুল শেখ, অলিম্পিক সিমেন্ট অ্যান্ড ফাইবার লিমিটেড শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক পাভেল হাওলাদার ,যুগ্ম সাধারণ সম্পাদক শাকিল খান, গ্লোবাল ক্যাপসুল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম শাহাদাত, প্রচার সম্পাদক মো. ফয়সাল প্রমুখ।
শ্রমিক নেতারা জানিয়েছেন, তাদের দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।