অর্থনীতি

ওয়ালটনের উদ্যোগে থ্যালাসেমিয়া বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন এবং বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে থ্যালাসেমিয়া সচেতনতা কার্যক্রম বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুন) রাজধানীতে ওয়ালটনের করপোরেট অফিসে প্রতিষ্ঠানটির অ্যাডমিন বিভাগ এবং মেডিক্যাল টিমের সার্বিক তত্ত্বাবধানে সেমিনারটি আয়োজন করা হয়। উদ্দেশ্য, ওয়ালটন পরিবারের সদস্যদের মধ্যে থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও প্রতিরোধে করণীয় উপায় তুলে ধরা।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর নজরুল ইসলাম সরকার, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ব্রিগ্রেডিয়ার জেনারেল (অব.) সাজ্জাত হোসেন, বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. সায়েদা মাসুমা রহমান, ডা. ইয়াজদান রেজা চৌধুরী, হেড অব এইচআর অ্যান্ড অপারেশন্স এ বি এম জুনায়েদ, হেড অব অ্যাডমিন কুদরত মোল্লা প্রমুখ।

সেমিনারে থ্যালাসেমিয়া রোগের বিভিন্ন উপসর্গ ও অন্যান্য বিষয় নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. রাজিয়া সুলতানা। তিনি বলেন, থ্যালাসেমিয়া একটি জিনগত রোগ। বাবা মায়ের কাছ থেকেও বিস্তার হতে পারে। দেশে বহু শিশু থ্যালাসেমিয়া রোগের জীবানু নিয়ে জন্মগ্রহণ করে। রোগের ভয়াবহতা প্রতিরোধে জনসচেতনতার লক্ষ্যে শিশুসহ সকলের রক্ত পরীক্ষা করা জরুরি।

সেমিনার শেষে ফাউন্ডেশনের উদ্যোগে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে ওয়ালটন পরিবারের সদস্যগণ স্বেচ্ছায় রক্ত দান করেন। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ‘লার্নিং অ্যান্ড ডেভলপমেন্ট’ বিভাগের ডেপুটি অপারেটিভ ডিরেক্টর রওশন আলী বুলবুল।

সেমিনারে ওয়ালটন হাই-টেক ও বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এতে নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ওয়ালটন হাইটেকের এএমডি নজরুল ইসলাম সরকার ও থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. সায়েদা মাসুমা রহমান।