গাইবান্ধার সাঘাটায় গরুর গুঁতোয় নবির হোসেন (৫২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৬ জুন) সাঘাটা উপজেলার ঘুড়িদহ ইউনিয়নের চিনিরপটল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত নবির হোসেন ওই গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানিয়েছেন, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে নবির হোসেন তার বাড়ির পাশের বিলে গরুকে ঘাস খাওয়াতে নিয়ে যান। এ সময় হঠাৎ একটি গরু তাকে গুঁতো দেয়। এতে তিনি গুরুতর আহত হন এবং নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
ঘুড়িদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম আহম্মেদ জানিয়েছেন, মঙ্গলবার সকালে গরুর গুঁতোয় গুরুতর আহত হওয়ার পর নবির হোসেনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।