দেশের আকাশে মঙ্গলবার সন্ধ্যায় পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে বুধবার (১৭ জুন) পবিত্র মহররম মাস শুরু হচ্ছে। সেই হিসাবে ২৬ জুন (শুক্রবার) পালিত হবে পবিত্র আশুরা।
ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা হয়। এতে সভাপতিত্ব করেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সচিবের রুটিন দায়িত্ব) মো. ফজলুর রহমান। এই সভায় ১৪৪৮ হিজরি সনের মহররম মাসের চাঁদ দেখার তথ্য পর্যালোচনা করা হয়।
সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেকসহ জাতীয় চাঁদ দেখা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এছাড়া প্রধান তথ্য অফিসার মো. শাহ আলম, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক মো. জহিরুল ইসলাম, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. মাহবুব আলম, সরকারি মাদ্রাসা-ই-আলিয়া ঢাকার অধ্যক্ষ ওবায়দুল হক, ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক মোহাম্মদ হারুনূর রশীদ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. মমিনুল ইসলাম, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের (স্পারসো) মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মুহাম্মদ শহিদুল ইসলাম, মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব মো. খোরশেদ আলম খান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম, ঢাকা রেসিন্ডেন্সিয়াল মডেল কলেজ কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মুফতি মো. মহিউদ্দিন, চকবাজার শাহী জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি শেখ নাঈম রেজওয়ান, লালবাগ শাহী জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মোহাম্মদ নিয়ামতুল্লাহসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
ইসলামিক ফাউন্ডেশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখার বিষয়ে দেশের সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয়-জেলা কার্যালয় থেকে আসা তথ্য, আবহাওয়া অধিদপ্তর এবং স্পারসোর তথ্য পর্যালোচনা করেছে জাতীয় চাঁদ দেখা কমিটি। পরে কমিটি সিদ্ধান্ত নিয়েছে, পবিত্র মহররম মাসের চাঁদ আজ মঙ্গলবার দেখা গেছে। বুধবার থেকে মহররম মাস শুরু হবে।