সারা বাংলা

বগুড়ায় দুই নারী মাদক কারবারিকে পুলিশে দিলেন স্থানীয়রা

বগুড়ার শেরপুরে ইয়াবা ও গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে আটকের পর পুলিশ দিয়েছেন স্থানীয়রা। 

মঙ্গলবার (১৬ জুন) বিকেল ৩টায় শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের রাজারদীঘি মাঠপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আটক নারীরা হলেন— রাজারদীঘী গুচ্ছগ্রামের তোতা মিয়ার স্ত্রী মাহমুদা খাতুন (৩৫) এবং তার বোন ওই এলাকার ফারুক হোসেনের স্ত্রী মুর্শিদা বেগম (২৯)।

স্থানীয়রা জানিয়েছেন, মাহমুদা ও মুর্শিদা রাজারদীঘি মাঠপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে সিন্ডিকেট করে মাদকের ব্যবসা চালিয়ে আসছিলেন। মঙ্গলবার বিকেলে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে তাদেরকে ঘেরাও করেন। তাদের কাছ থেকে ৫৩০ পিস ইয়াবা জব্দ করা হয়। এর পর ক্ষুব্ধ জনতা একই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী সাইফুর ইসলামের বাড়িতেও অভিযান চালায়। সেখান থেকে প্রায় ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হলেও গণধোলাইয়ের ভয়ে সাইফুর ইসলাম আগেই বাড়ি থেকে পালিয়ে যান।

স্থানীয় বাসিন্দা আলাউদ্দিন, সিয়াম ও মোস্তাক বলেন, “আমাদের এলাকায় দীর্ঘদিন ধরে এরা মাদকের কারবার চালিয়ে আসছিল। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে আমরা নিজেরাই উদ্যোগ নিয়ে তাদের হাতেনাতে ধরেছি। আমরা আমাদের এলাকাকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে চাই। মাদকসহ দুই নারীকে আটকের পর স্থানীয়রা শেরপুর থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে জব্দ করা মাদকদ্রব্যসহ দুই নারী কারবারিকে থানায় নিয়ে যান।”

এ বিষয়ে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেছেন, “এলাকাবাসী মাদকসহ দুই নারীকে আটক করে আমাদের হাতে সোপর্দ করেছেন। জব্দ করা ইয়াবা ও গাঁজা থানা হেফাজতে আছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পলাতক সাইফুর ইসলামকে গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।”