রংপুর নগরীতে থালা-বাসন পরিষ্কার করাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে এক কর্মীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে হোটেল মালিকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মিজানুর রহমান মনুকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ জুন) রাত ৯টার দিকে নগরীর ব্যস্ততম খামার মোড় এলাকার একটি ভাজাপোড়ার হোটেলে ঘটনাটি ঘটে।
নিহত যুবকের নাম শাওন (২৫)। তিনি লালমনিরহাটের আদিতমারী উপজেলার বাসিন্দা। তিনি ওই হোটেলে কর্মচারী হিসেবে কাজ করতেন।
আটক মিজানুর রহমান মনু নগরীর নোয়াখালী পট্টি খামার মোড়ের আমির হোসেনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, হোটেলে থালা-বাসন পরিষ্কার করা নিয়ে মালিক মিজানুর রহমান মনুর সঙ্গে কর্মচারী শাওনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শাওন হোটেল থেকে বের হয়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করেন। এসময় হোটেল ব্যবসায়ী মনু তার পেছন থেকে এসে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করেন। ঘটনাস্থলেই শাওনের মৃত্যু হয়। এমন ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অভিযুক্ত হোটেল ব্যবসায়ী মিজানুর রহমান মনুকে আটক করে পুলিশ।
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) সনাতন চক্রবর্তী জানান, ঘটনার পরপরই মূল অভিযুক্ত মিজানুর রহমান মনুকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলমান। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।