সারা বাংলা

আজ মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার (১৭ জুন) মৌলভীবাজার সফরে যাচ্ছেন। তিনি  সদর উপজেলা  ও শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেবেন। পাশাপাশি একটি রাজনৈতিক সভায় তার যোগ দেওয়ার কথা রয়েছে। প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে প্রশাসন, রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

সফরসূচি অনুযায়ী, বুধবার তারেক রহমান মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ এবং শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন। এ উপলক্ষে দুই স্থানেই চলছে ব্যাপক প্রস্তুতি।

শ্রীমঙ্গলের ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মাটি ভরাট, রং করা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়নসহ বিভিন্ন প্রস্তুতিমূলক কাজ করা হচ্ছে। একই সঙ্গে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ও স্থাপনাগুলোতেও নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। অন্যদিকে, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জনসভা আয়োজনের লক্ষ্যে প্যান্ডেল নির্মাণ ও অন্যান্য প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

স্থানীয়দের মতে, তারেক রহমানের এ সফর শ্রীমঙ্গল ও মৌলভীবাজারের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘটনা। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও এ সফর নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। অনেকেই আশা করছেন, সফরের মাধ্যমে জেলার উন্নয়ন-সংক্রান্ত নতুন ঘোষণা আসতে পারে।

শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক মো. নুরুল আলম সিদ্দীকী বলেন, “শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রীর আগমন আমাদের জন্য নতুন ইতিহাস সৃষ্টি করবে। আমরা আশা করছি, চায়ের রাজধানী শ্রীমঙ্গলের উন্নয়নে তিনি যুগান্তকারী কোনো ঘোষণা দেবেন। তার আগমনকে ঘিরে সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীরা উজ্জীবিত।”

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান বলেন, “প্রধানমন্ত্রীর সফর সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।”

প্রধানমন্ত্রীর সফরকালে বিএনপির নির্বাচনি ইশতেহারের অংশ হিসেবে মির্জাপুর ইউনিয়নের ১৫৫ জন উপকারভোগীর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। এছাড়া, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত পৃথক জনসভায় অংশ নিয়ে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ১৫২ জন উপকারভোগীর মধ্যেও কার্ড বিতরণ করার কথা রয়েছে।