নওগাঁর আত্রাই উপজেলার সাহাগোলা এলাকার সড়কের পাশ থেকে নেয়ামুল বাশির নামে এক শিক্ষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ জুন) সকাল সাড়ে ১০টার দিকে মরদেহটি উদ্ধার হয়। তাকে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে হত্যা করেছে এমন অভিযোগ করেছেন স্বজনরা।
মারা যাওয়া নেয়ামুল বাশির নওগাঁ শহরের পার নওগাঁ চকরামচন্দ্র মহল্লার বাসিন্দা। তিনি আত্রাই উপজেলার বড়শিমলা মহিলা কলেজের শিক্ষক ছিলেন।
নিহত শিক্ষকের ভাই মিজানুর রহমান বলেন, মঙ্গলবার সন্ধ্যায় তার বড় ভাইয়ের সাথে মোবাইল ফোনে কথা হয়। এশার নামাজের পর বাড়ি ফেরার কথা ছিল। আত্রাই রেলস্টেশন এলাকা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে তিনি নওগাঁ শহরে ফিরছিলেন। পথে তাকে হত্যার পন মরদেহ সড়কের পাশে ফেলে হত্যাকারীরা পালিয়ে যায় বলে অভিযোগ করেন তিনি। পূর্ব শত্রুতার জেরে নেয়ামুল বাশিরকে হত্যা করেছে বলেও অভিযোগ করেন মিজানুর রহমান।
আত্রাই থানার পরিদর্শক (ওসি) মাহবুব আলম বলেন, “সকালে নেয়ামুল বাশিরের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মাথায় গুরুত্বর আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মরদেহ উদ্ধারের সময় আলামত সংগ্রহ করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার কাজ চলছে।”