খেলাধুলা

লিটন নেই, তাওহীদের নেতৃত্বে ব্যাটিংয়ে বাংলাদেশ 

ওয়ানডে মিশন সাকসেসফুল। এবার টি-টোয়েন্টির পালা। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার তিন ম‌্যাচ টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে আজ।

দুপুর ২টায় দুই দল মাঠে নামবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে। এরই মধ‌্যে টস সম্পন্ন হয়েছে। বাংলাদেশের অধিনায়ক তাওহীদ টস জিতে ব‌্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। লিটন দাসের চোট পুরোপুরি সেরে না উঠায় তাওহীদ প্রথমবার বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন।

প্রথমবার অস্ট্রেলিয়া চট্টগ্রামে টি-টোয়েন্টি খেলতে মাঠে নামছে। এর আগে বাংলাদেশে ছয়টি টি-টোয়েন্টি খেলেছে তারা। ছয়টিই হয়েছিল মিরপুরে। এবার প্রথমবার চট্টগ্রামে সাদা বলের ক্রিকেট খেলবে অসিরা। লাল বলে ২০১৭ সালে একটি টেস্ট খেলেছিলেন স্মিথ, ওয়ার্নাররা।

ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ। অন‌্যদিকে সফরকারীরা টি-টোয়েন্টি সংস্করণে নামার আগে স্বাভাবিকভাবেই কিছুটা ব্যাকফুটে। তবে সাবেক টি-টোয়েন্টি বিশ্ব চ‌্যাম্পিয়নরা জানে কখন, কিভাবে জ্বলে উঠে সেরা ক্রিকেটটা খেলতে হয়। অসিরা সেই অপেক্ষাতেই আছে।

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, শামীম হোসেন পাটোয়ারি, তাওহিদ হৃদয়, মেহেদি হাসান, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও আব্দুল গাফফার সাকলাইন।

অস্ট্রেলিয়া একাদশ: মিচেল মার্শ, জেভিয়ার বার্টলেট, কুপার কোনলি, টিম ডেভিড, জোয়েল ডেভিড, নাথান এলিস, জস ইংলিস, নিখিল চৌধুরী, স্পেনসের জনসন, ম্যাথু রেনশ ও অ্যাডাম জাম্পা।