রাজশাহী মহানগরীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) সকাল ১০টার দিকে বালিয়াপুকুর এলাকায় ঘটনাটি ঘটে।
নিহত শ্রমিকের নাম তুষার (২৫)। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার যাদুপুর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।
বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রবিউল ইসলাম বলেন, “বালিয়াপুকুর এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন তুষার। বিল্ডিংয়ের চারতলার দেওয়ালের প্লাস্টার করছিলেন। সেখান থেকে তিনি পা পিছলে নিচে পরে যান। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
তিনি বলেন, “তুষারের মরদেহ হাসপতালের মর্গে রাখা আছে। পরিবারের সদস্যরা এসেছেন। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হবে।”