হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরো তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এই বিভাগে হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৭২ জনে।
বুধবার (১৭ জুন) সকালে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের দৈনন্দিন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
মারা যাওয়া তিন শিশুর মধ্যে রাইয়ান সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং তাউসিফ ও আমায়রা ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তাদের বয়স ৭ থেকে ৫ মাসের মধ্যে।
সরকারি হিসাবে এ পর্যন্ত সিলেট বিভাগে জেলাভিত্তিক মৃতের সংখ্যা হলো- সুনামগঞ্জে ৩০ জন, সিলেটে ২৭ জন, মৌলভীবাজারে ৯ জন এবং হবিগঞ্জে ৬ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৭ জুন পর্যন্ত সিলেট বিভাগে মোট ৩২৩ জন হাম রোগী শনাক্ত হয়েছে। বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ২৮৪ জন রোগী। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় নতুন একজন রোগী শনাক্ত হয়েছে এবং একই সময়ে ৫৬ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।