সারা বাংলা

প্রধানমন্ত্রীর সভাস্থলের প্যান্ডেল ভেঙে পড়লো

প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন কেন্দ্র করে শ্রীমঙ্গল উপজেলায় ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠে নির্মিত জনসভাস্থলের প্যান্ডেলের একাংশ তাঁর পৌঁছার আগে হঠাৎ ভেঙে পড়ে। এতে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার (১৭ জুন) সকাল থেকে হাজারো মানুষ সভাস্থলে জড়ো হতে থাকে। বৈরী আবহাওয়ার কারণে প্যান্ডেলের একটি অংশ হঠাৎ পড়ে যায়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উপস্থিত জনতাকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।

সকাল সোয়া ১০টার দিকে প্রধানমন্ত্রীকে বহনকারী উড়োজাহাজ সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে উপস্থিত নেতাদের সঙ্গে সংক্ষিপ্ত কুশল বিনিময় শেষে প্রধানমন্ত্রী সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হন।

সফরসূচি অনুযায়ী, দুপুরে প্রধানমন্ত্রী মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভিক্টোরিয়া উচ্চবিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান জানিয়েছেন, প্যান্ডেলের একাংশ ভেঙে পড়ায় কেউ হতাহত হয়নি। প্রধানমন্ত্রীর সফর ও নির্ধারিত কর্মসূচি সম্পন্ন হয়েছে।

দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আরেকটি ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।