চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে বুধবার (১৭ জুন) যেন ক্রীড়াপ্রেমীদের মিলনমেলা বসে। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ঘিরে গ্যালারিজুড়ে দর্শকদের ভিড় ছিল। তীব্র রোদ আর গরমকে উপেক্ষা করে হাজারো ক্রিকেটপ্রেমী মাঠে এসে প্রিয় দলকে সমর্থন জানিয়েছেন।
যুক্তরাষ্ট্র, মেকিক্সো ও কানাডায় ফিফা বিশ্বকাপ ফুটবল চলমান রয়েছে। দেশে এখন ফুটবলের উন্মাদনা চললেও তার প্রভাব পড়েনি ক্রিকেটপ্রেমীদের আগ্রহে। দুপুর থেকে স্টেডিয়ামের বিভিন্ন গেটে দর্শকদের দীর্ঘ সারি দেখা যায়। দুপুর ২টায় ম্যাচ শুরু হওয়ার আগে গ্যালারির অধিকাংশ আসন পূর্ণ হয়ে যায়। হাতে জাতীয় পতাকা, মাথায় ব্যান্ডানা আর মুখে বাংলাদেশ স্লোগানে দর্শকরা পরিণত হন একেকজন প্রাণবন্ত সমর্থকে।
ম্যাচ চলাকালে প্রতিটি চার, ছক্কা কিংবা উইকেটের সঙ্গে সঙ্গে গ্যালারিতে ওঠে উল্লাসের ঢেউ। তরুণ-তরুণী, শিশু, পরিবারসহ বিভিন্ন বয়সী দর্শকদের উপস্থিতি স্টেডিয়ামজুড়ে উৎসবের আবহ তৈরি করে। অনেকের গায়ে দেখা গেছে, বাংলাদেশের পাশাপাশি বিভিন্ন দেশের ফুটবল দলের জার্সি, যা বিশ্বকাপ ফুটবলের আবহ ও ক্রিকেট উন্মাদনার অনন্য মিশ্রণ তৈরি করেছে।
টি-টোয়েন্টি সিরিজের উদ্বোধনী ম্যাচে মাঠের লড়াইয়ের পাশাপাশি গ্যালারির এই প্রাণচাঞ্চল্যও ছিল দিনের অন্যতম আকর্ষণ। দর্শকদের উচ্ছ্বাসে মুখরিত বীর শ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম যেন আবারও ফিরে পেয়েছে তার চিরচেনা ক্রিকেট উৎসবের রূপ।
আগামী শুক্রবার (১৯ জুন) এবং রবিবার (২১ জুন) বাংলাদেশ-অস্ট্রেলিয়ার মধ্যে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচ শুরু হবে দুপুর ২টায়।