ক্যাম্পাস

কুবি শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়ায় পড়ার সুযোগ, আবেদন শুরু

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের জন্য মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালয়েশিয়া সারাওয়াক (ইউনিমাস)-এ এক সেমিস্টারের স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রামে অংশ নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। বুধবার (১৭ জুন) থেকে আবেদন শুরু হয়েছে। আবদেনের শেষ সময় আগামী ২৮ জুন রাত ১২টা পর্যন্ত।

বুধবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত অংশীদার প্রতিষ্ঠান ইউনিমাসের এই প্রোগ্রামে অংশ নিতে আবেদনকারীদের অন্তত প্রথম বর্ষ বা দ্বিতীয় সেমিস্টার সম্পন্ন করতে হবে। পাশাপাশি তাদের ন্যূনতম সিজিপিএ ২.৭৫ থাকতে হবে।

এছাড়া, আবেদনকারীদের ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণও জমা দিতে হবে। এ ক্ষেত্রে আইইএলটিএস ৫.০, টোয়েফল আইবিটি ৪২, পিটিই ৪৭, কেমব্রিজ ১৫৪, সিইএফআর বি১ অথবা বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত নির্ধারিত সনদের যেকোনো একটি গ্রহণযোগ্য হবে।

আবেদন করতে আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত আবেদনপত্র এবং চেকলিস্টে উল্লেখিত প্রয়োজনীয় কাগজপত্র পিডিএফ আকারে info@cou.ac.bd ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে। ই-মেইলের বিষয় (Subject) হিসেবে ‘UNIMAS Application’ উল্লেখ করতে হবে।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টরা জানান, এ ধরনের আন্তর্জাতিক এক্সচেঞ্জ প্রোগ্রাম শিক্ষার্থীদের বৈশ্বিক একাডেমিক পরিবেশ সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দেয়। পাশাপাশি আন্তঃসাংস্কৃতিক বিনিময়, আন্তর্জাতিক উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে ধারণা লাভ এবং বৈশ্বিক পরিসরে নিজেদের দক্ষতা বিকাশে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।