সিলেট বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশের পর জাতীয় সংসদে গিয়েছেন কয়েকজন সংসদ সদস্য।
বুধবার (১৭ জুন) সকালে মৌলভীবাজার সফরে এসে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানাতে আসা সংসদ সদস্যদের দেখে অবাক হন প্রধানমন্ত্রী। তিনি তাৎক্ষণিকভাবে বলেন, ‘‘সংসদ নাই আজকে? সংসদে যান। আমি মৌলভীবাজার যাব, আপনাদের এখানে কোনো কাজ নাই আপনারা সংসদে যান।’’
নির্দেশ পাওয়ার পরপরই ঢাকার উদ্দেশে রওনা দেন সিলেট অঞ্চলের সংসদ সদস্যরা। সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমেদ চৌধুরী বিষয়টি নিজেই ফেসবুকে তুলে ধরেন। তিনি লেখেন, বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানানোর পরপরই তার নির্দেশমতো সরাসরি জাতীয় সংসদে চলে আসলাম।
এমরান আহমেদ চৌধুরী তার স্ট্যাটাসে আরও জানান, তারেক রহমান সংসদকে সকল কার্যক্রমের কেন্দ্রবিন্দু করতে চান। সংসদকে শক্তিশালী করার লক্ষ্যে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন। আজকের ঘটনা তারই জীবন্ত প্রমাণ বলে মন্তব্য করেন তিনি।
বুধবার সকাল ১০টা ৪০ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রীমঙ্গলে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন শেষে তার ঢাকা ফেরার কথা রয়েছে।