যশোরের অভয়নগর উপজেলায় রিয়াজ হোসেন (২৮) নামে এক যুবককে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাত ১০টার দিকে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের ধলিরগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তাকে হত্যা করা হয়।
নিহত রিয়াজ হোসেন ওই ইউনিয়নের ধলিরগাতী গ্রামের মনসুর আলীর ছেলে। তার বিরুদ্ধে অভয়নগর থানায় ডাকাতি, ছিনতাই, মাদকসহ ছয়টি মামলা রয়েছে বলে জানিয়েছেন অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ধলিরগাতী গ্রামের আব্দুল খালেক মোল্লার ছেলে ওবায়দুল ইসলাম মানিক (১৯), মনজেল মোল্লার ছেলে ফজলু হোসেন (২৪), আবু দাউদ আলী মোল্লার ছেলে রাজু আহমেদ (২৩) কে পুলিশ আটক করেছে।
ওসি মো. নুরুজ্জামান বলেন, মরদেহের সুরতহাল সম্পন্ন হয়েছে। তিনজনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে কে বা কারা ধলিরগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে রিয়াজকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রাখে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মোহাম্মদ সবুজ বলেন, রিয়াজ হোসেনের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এলাকার শেফালী বেগম, ফাতেমা খাতুন ও রিক্তা বলেন, রিয়াজ এলাকার মাদক কারবারি ছাড়াও নারীদের হেনস্তা করতেন। তার জন্য এলাকায় মানুষ নিরাপদে বসবাস করতে পারতেন না।