সারা বাংলা

যশোরে ২টি বিদেশি পিস্তল উদ্ধার, গ্রেপ্তার ২

যশোরের শার্শা উপজেলার কায়বা ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র ও মাদক কারবারি রাসেল রানা ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ডিবি পুলিশের যশোরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন কুমার মন্ডলের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে।

ডিবি সূত্রে জানা যায়, শার্শা থানাধীন ৭ নম্বর কায়বা ইউনিয়নের রুদ্রপুর উত্তরপাড়া এলাকায় রাসেল রানার টিনশেড বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে জিজ্ঞাসাবাদে রাসেল তার শয়নকক্ষের বালিশের নিচে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় অস্ত্র রাখার কথা স্বীকার করে। তার দেখানো মতে সেখান থেকে দুটি বিদেশি পিস্তল ও চারটি ম্যাগজিন উদ্ধার করা হয়।

পরে রাসেল রানার দেওয়া তথ্যের ভিত্তিতে তার সহযোগী জিয়াউর রহমান ওরফে হাফিজুরকে বেনাপোল পুটখালী এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

ডিবি জানিয়েছে, রাসেল রানার বিরুদ্ধে একটি মাদক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।