সারা বাংলা

মেঘনায় গোসলে নেমে ২ শিক্ষার্থীর মৃত্যু

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মেঘনা নদীতে গোসলে নেমে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) বিকেলে মেঘনা ফেরিঘাট থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মৃত দুটি শিক্ষার্থী হলো, রাজধানীর শনিরআখড়া এলাকার ফারুক ভূইঁয়ার ছেলে কায়েস ভূঁইয়া ও পুরাতন দনিয়া এলাকার রাজু মিয়ার ছেলের মেরাজ।

দুপুরে রাজধানীর এ কে স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী সাত বন্ধু মিলে মেঘনা নদীতে গোসলে নামে। পানিতে নামার কিছুক্ষণ পর দুই শিক্ষার্থী পানিতে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ডুবুরি দল এসে তল্লাশি চালিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ওসমান গনি জানান, সাত বন্ধু মিলে গোসলে নেমে দুইজন পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল আড়াই ঘণ্টার চেষ্টায় তাদের উদ্ধার করে। পরবর্তীতে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহাবুব হাসান তাদের মৃত ঘোষণা করেন।