সমঝোতা স্মারকে শেষ পর্যন্ত স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বৃহস্পতিবার ভোরে (১৮ জুন) এটি স্বাক্ষরিত হয় বলে জানিয়েছে আল-জাজিরা অনলাইন।
মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের জানিয়েছেন, তিনি ফরাসি রাজধানী প্যারিসের ভার্সাই প্রাসাদে ইরানের সঙ্গে সমঝোতা স্মারকটি স্বাক্ষর করেছেন।
ভার্সাই ত্যাগ করার সময় ট্রাম্প বলেন, “এটি স্বাক্ষরিত হয়েছে। আমি ভার্সাইতে এটি স্বাক্ষর করেছি। এইমাত্র স্বাক্ষর করলাম।”
একইদিন সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা (IRNA) যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তীকালীন চুক্তিতে স্বাক্ষররত ইরানের রাষ্ট্রপতির ছবি প্রকাশ করেছে, যেখানে তিনি নিজের এবং ট্রাম্পের স্বাক্ষরযুক্ত পৃষ্ঠাগুলো তুলে ধরেছেন।
সংবাদ সংস্থাটি বলেছে, “ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও জায়নবাদী শাসনের চাপিয়ে দেওয়া যুদ্ধের অবসানের জন্য সমঝোতা স্মারকের খসড়াটি ১৪০৫ সালের ১৮ জুন, বৃহস্পতিবার ভোরে ইরান ও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতির স্বাক্ষরিত হয়েছে।”
এর আগে ট্রাম্প বলেছিলেন, চুক্তিটি চূড়ান্ত নয় এবং এটি পছন্দ না হলে তিনি আবার ইরানে বোমা ফেলবেন। তাছাড়া, ইরান চুক্তিতে অটল না থাকলেও তাদের ওপর বোমা ফেলা হবে বলে তিনি হুমকি দেন। তবে শেষ পর্যন্ত বৃহস্পতিবার সমঝোতা স্মারকে ট্রাম্প স্বাক্ষর করেছেন।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ প্যারিসের ভার্সাই প্রাসাদে ট্রাম্পের সমঝোতা স্মারক স্বাক্ষরের একটি ভিডিও প্রকাশ করেছেন।
তিনি এক্স-এ লিখেছেন, “প্রেসিডেন্ট ট্রাম্প আজ রাতে ভার্সাইতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তিটি স্বাক্ষর করেছেন। এই চুক্তি স্থায়ী শান্তির পথ প্রশস্ত করেছে এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার সুযোগ করে দিয়েছে। এটি আমাদের দেশবাসীর জন্য সঠিক পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা শিগগিরই জ্বালানির মূল্য হ্রাসে সক্ষম করবে।”