বিনোদন

তামান্নাকে ফোন করে কীসের প্রস্তাব দিয়েছিলেন শাহরুখ?

বিশ্বব্যাপী কোটি কোটি ভক্ত রয়েছে বলিউড বাদশা শাহরুখ খানের। কেবল ভক্ত-অনুরাগী নয়, অনেক তারকা অভিনয়শিল্পীও রয়েছেন, যারা প্রকাশ্যে তার প্রশংসা করেন এবং গভীরভাবে তাকে শ্রদ্ধা করেন। তাদেরই একজন দক্ষিণী সিনেমার আলোচিত অভিনেত্রী তামান্না ভাটিয়া। এই অভিনেত্রীকে ফোন করে বিশেষ একটি প্রস্তাব দিয়েছিলেন শাহরুখ। 

বলিউডের সফল পরিচালক ও কোরিওগ্রাফার ফারাহ খানের ভ্লগে হাজির হয়েছিলেন তামান্না ভাটিয়া। সেখানে শাহরুখ খানের প্রতি নিজের মুগ্ধতার কথা জানান। পাশাপাশি ভারতীয় সিনেমায় শাহরুখ খানের অবদানের ভূয়সী প্রশংসা করেন তামান্না। এ অভিনেত্রী বলেন, “সবচেয়ে দয়ালু মানুষদের একজন শাহরুখ খান। আমি তাকে ভীষণ ভালোবাসি এবং শ্রদ্ধা করি। ভারতীয় চলচ্চিত্র শিল্পের জন্য তিনি যা করেছেন, তার মতো অন্য কাউকে দেখি না।”

এরপর শাহরুখ খানের ফোনের সেই বিশেষ মুহূর্তের কথা স্মরণ করেন তামান্না। শাহরুখপুত্র আরিয়ান খান ‘দ্য বা***ডস অব বলিউড’ শিরোনামে একটি ওয়েব সিরিজ নির্মাণ করেছেন। এ সিরিজে ‘ঘাফুর’ গানে পারফর্ম করার জন্য তামান্নাকে ফোন করে প্রস্তাব দিয়েছিলেন শাহরুখ।   

স্মৃতিচারণ করে তামান্না ভাটিয়া বলেন, “তিনি আমাকে ফোন করেছিলেন। ফোনে বললেন, ‘তুমি কি এটা করতে পারবে?’ আমি শুধু অনুভব করেছিলাম, তিনি এমন একজন মানুষ যে চলচ্চিত্র শিল্পের জন্য এতকিছু করেছেন। আর সেই ব্যক্তি যদি কিছু করতে বলেন, আমি ডিগবাজি দিয়ে ‘হ্যাঁ’ বলে দেব।”

বলে রাখা ভালো, এর আগে শাহরুখ খানের সঙ্গে একটি অনলাইন পোশাক ব্র্যান্ডের বিজ্ঞাপন এবং আরেকটি ব্র্যান্ডের ঐতিহ্যবাহী পোশাকের প্রচারে শাহরুখ খানের সঙ্গে কাজ করেছেন তামান্না ভাটিয়া। তবে শাহরুখ খানের সঙ্গে এখন পর্যন্ত কোনো চলচ্চিত্রে অভিনয় করেননি তিনি।

তামান্না অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ওডেলা টু’। গত বছরের ১৭ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পায় এটি। তেলেগু ভাষার সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। বর্তমানে হিন্দি ভাষার পাঁচটি ও তামিল ভাষার একটি সিনেমার কাজ তামান্নার হাতে রয়েছে। এগুলো হলো—‘ভিভ্যান’, ‘ভি. শান্তারাম’, ‘রেঞ্জার’, ‘মারিয়া আইপিএস’, ‘রাগিনি থ্রি’ ও ‘পুরুষণ’।

*সিয়াসাত ডটকম অবলম্বনে