আন্তর্জাতিক

অব্যাহতি দেওয়া হয়েছে মমতার নিরাপত্তা রক্ষীদের

অব্যাহতি দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীদের। মমতার বাড়িতে বিগত প্রায় ২০ বছর ধরে যারা ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা বা পিএসও হিসেবে কাজ করতেন, তাদের বুধবার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। পিএসও-র দায়িত্ব দিয়ে ৪-৫ জনকে পাঠানো হলেও তাদের নিতে চাননি মমতা। ফিরিয় দেন তিনি। ফলে বুধবার রাতে কিয়স্ক পুরোপুরি ফাঁকা হয়ে যায়। 

বুধবার সন্ধ্যায় কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে প্রবেশ করতে দেখা যায় সংসদ সদস্য ডেরেক ও ব্রায়েনকে। পরে তিনি বেরিয়ে এসে জানান, মমতা বন্দ্যোপাধ্য়ায় যখন সংসদ সদস্য ছিলেন, সেই সময় থেকে নিরাপত্তার দায়িত্ব ছিলেন কয়েকজন পিএসও। তাদের সন্ধ্যা ৭টা নাগাদ পুলিশের তরফে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এরপর যাদের পাঠানো হয় তাদের চেনেন না মমতা। 

ডেরেক বলেন, “রাত সাড়ে ৯টায় কয়েকজন অচেনা অফিসারকে বাড়িতে পাঠানো হয়েছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ফেরত পাঠিয়ে দিয়েছেন।”

আপাতত মমতার বাড়িতে কোনো রকমের পুলিশি নিরাপত্তা রইল না বলে জানিয়েছেন ডেরেক। 

তিনি বলেন, “আমরা দু’জন নিরাপত্তারক্ষী রেখেছি।” 

এরপর মেইন গেটে তালা দিয়ে বেরতে দেখা যায় ডেরেক ও ব্রায়েনকে। 

মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর শুভেন্দু অধিকারী একটি বৈঠকে নির্দেশ দিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তায় যাতে কোনো গাফিলতি না হয়। সাবেক মুখ্যমন্ত্রীর প্রাপ্য সম্মান যাতে বজায় থাকে, সেদিকে নজর দেওয়ার কথা বলেছিলেন শুভেন্দু।