সারা বাংলা

আলফাডাঙ্গার বাজারে আগুন: সিলিন্ডার বিস্ফোরণে নিহত ১

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার একটি বাজারে অগ্নিকাণ্ড ঘটে। এ সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাবুল মোল্যা (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। আগুনে বাজারের পাঁচটি দোকান পুড়ে গেছে।

নিহত বাবুল মোল্যা পার্শ্ববর্তী বোয়ালমারী উপজেলার হরিহরনগর গ্রামের মৃত আতিয়ার রহমান মোল্যার ছেলে। তিনি পেশায় নসিমন চালক ছিলেন।

বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে আলফাডাঙ্গা উপজেলার ভেন্নাতলা বাজারের নুর মিয়ার মুদি দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারপাশের দোকানে ছড়িয়ে পড়ে।

বাজারে আগুন লাগার খবর পেয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আগুন নেভানোর কাজে অংশ নেন বাবুল মোল্যা। উদ্ধারকাজ চলাকালে একটি দোকানে থাকা গ্যাস সিলিন্ডার বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে বাবুল মোল্যা, আলামিন বিশ্বাস ও নুর মিয়া শেখসহ কয়েকজন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বাবুল মোল্যাকে মৃত ঘোষণা করেন। আহত অন্যদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

খবর পেয়ে বোয়ালমারী ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকালের দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। তবে এর আগেই বাজারের পাঁচটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।

বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা রয়েল আহমেদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। আগুন নেভানোর সময় দোকানের ভেতরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন। আগুনে বাজারের পাঁচটি দোকান পুড়ে গেছে।