চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে খাগড়াছড়ির গুইমারা থেকে এক নারীকে চট্টগ্রামের হাটহাজারীতে নিয়ে গণধর্ষণের অভিযোগ উঠেছে। গত ১৩ জুন ঘটনাটি ঘটে।
বৃহস্পতিবার (১৮ জুন) খাগড়াছড়ি সদর হাসপাতালে ভুক্তভোগীর প্রাথমিক ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, গত ১৩ জুন গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের এক নারীকে বড়ইতলী গ্রামের বাসিন্দা ম্রাচাই মারমা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার নাম করে চট্টগ্রামে নিয়ে যান। রাতে তাকে হাটহাজারী এলাকার একটি বাসায় নিয়ে যান তিনি। সেখানে চারজন মিলে ওই নারীকে গণধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে।
ভুক্তভোগীর ছোটভাই জানান, ম্রাচাই মারমা তাদের পাশের গ্রামের বড়ইতলী এলাকার বাসিন্দা। তিনি তার বোনকে চাকরি দেওয়ার নাম করে চট্টগ্রাম নিয়ে যান। চাকরি না দিয়ে হাটহাজারীতে নিয়ে তার বোনকে কয়েকজন মিলে ধর্ষণ করেছেন। এ বিষয়ে মামলার করার কথাও জানান ভুক্তভোগীর ভাই।
এলাকাবাসী জানান, অভিযুক্ত ম্রাচাই মারমাকে আজ বৃহস্পতিবার সকালে পুলিশে দেওয়ার জন্য আটক করা হয়েছে।
গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহরাওয়ার্দী জানান, ধর্ষণের অভিযোগে এক ব্যাক্তিকে আটক করে থানায় আনা হচ্ছে বলে জানতে পেরেছেন। যদি থানায় নিয়ে আসে আর মামলা হয়, তাহলে আইনগত ব্যবস্থা নিয়ে আসামিকে আদালতে পাঠানো হবে।