গাজীপুরের চন্দ্রায় দেশের সুপারব্র্যান্ড ও ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের হেডকোয়ার্টার্স পরিদর্শন করছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এবং প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। অতিথিরা বাংলাদেশের প্রযুক্তিপণ্য উৎপাদন শিল্পের অগ্রগতি সরেজমিনে পরির্দশন করার উদ্দেশ্যে সরকারি সফরে ওয়ালটন হেডকোয়ার্টার্সে এসেছেন।
বৃহস্পতিবার সকালে (১৮ জুন, ২০২৬) গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির হেডকোয়ার্টার্সে পৌঁছান অতিথিরা। সেসময় অতিথিদের ফুলের তোঁড়া দিয়ে স্বাগত জানান ওয়ালটন হাই-টেকের ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম এবং পরিচালক এস এম মঞ্জুরুল আলম অভি।
অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান, ওয়ালটন হাই-টেকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. ইউসুফ আলী, উপদেষ্টা লিয়াকত আলী, চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ প্রমুখ।
ওয়ালটন হেডকোয়ার্টার্সে অতিথিরা ওয়ালটনের সুসজ্জিত প্রোডাক্ট ডিসপ্লে সেন্টার ঘুরে দেখবেন। পরে তারা ওয়ালটনের কম্প্রেসার, মাদারবোর্ড (এসএমটি), টেলিভিশন প্যানেল ক্লিন রুম, পিসিবি, এয়ার কন্ডিশনার, মোবাইল, কম্পিউটার এবং মোল্ড এন্ড ডাই উৎপাদন ইউনিটগুলো পরিদর্শন করবেন।
পরিদর্শনকালে ওয়ালটন হেডকোয়ার্র্টার্সে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম এবং প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদসহ অন্য অতিথিরা যুক্তরাষ্ট্রে ওয়ালটনের মাদারবোর্ড রপ্তানির প্রথম শিপমেন্ট উদ্বোধন করবেন।
বিশ্বমানের প্রযুক্তিপণ্য উৎপাদনে ওয়ালটন একটি প্রশংসিত নাম। গাজীপুরের কালিয়াকৈরে সুবিশাল এলাকাজুড়ে স্থাপন করা হয়েছে ওয়ালটনের অত্যাধুনিক কারখানা। এখানে ফ্রিজ, টিভি, এসি, ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল ফোন, হোম ও ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স এবং লিফটসহ বিভিন্ন উচ্চমানের পণ্য তৈরি হচ্ছে। উৎপাদনের পাশাপাশি বিভিন্ন পণ্যের গবেষণা ও উদ্ভাবন (আরএন্ডআই), মান নিয়ন্ত্রণ, আন্তর্জাতিক ব্যবসা ইউনিটসহ বিভিন্ন বিভাগ গড়ে তুলেছে।
ওয়ালটন হেডকোয়ার্টার্স প্রাঙ্গণে প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ ও গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমানকে ফুল দিয়ে স্বাগত জানান ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেকের ম্যানেজিং ডিরেক্টরদ্বয়সহ ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তারা
‘মেইড ইন বাংলাদেশ’ লেখা বুকে নিয়ে ওয়ালটনের তৈরি আন্তর্জাতিকমানের পণ্য বর্তমানে এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ইউরোপ ও আমেরিকার অঞ্চলের ৫৫টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে। শতাধিক দেশে ব্র্যান্ড বিজনেস সম্প্রসারণের মাধ্যমে বিশ্বের অন্যতম সেরা ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে আন্তর্জাতিক বাজারে সাফল্যের সঙ্গে দ্রুত এগিয়ে যাচ্ছে ওয়ালটন।
জানা গেছে, বাংলাদেশে উচ্চ প্রযুক্তি সম্পন্ন বিশ্বমানের মাদারবোর্ড বা পিসিবিএ (প্রিন্টেড সার্কিট বোর্ড এ্যাসেম্বলি) উৎপাদন করছে গ্লোবাল টেক জায়ান্ট ওয়ালটন। নিজস্ব ও দেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি বিশ্বের নানান দেশে পিসিবিএসহ বিভিন্ন পণ্য রপ্তানি করছে ওয়ালটন। এরই ধারাবাহিকতায় এবার মার্কিন যুক্তরাষ্ট্রে ‘মেইড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত সর্বাধুনিক প্রযুক্তির ওয়ালটন পিসিবিএ বা মাদারবোর্ড রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্য দিয়ে সর্বাধুনিক প্রযুক্তিপণ্য উৎপাদন ও রপ্তানি খাতে বাংলাদেশ বিশ্ব দরবারে অনন্য এক মাইলফলকে পৌঁছে গেলো।
বাংলাদেশ থেকে রপ্তানিকৃত ওয়ালটনের মাদারবোর্ড যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক গানশট শনাক্তকরণ ও জরুরি উদ্ধারকাজ পরিচালন সিস্টেমের সিকিউরিটি ডিভাইসে ব্যবহৃত হবে। আমেরিকার উইসকনসিন প্রদেশে অবস্থিত তথ্যপ্রযুক্তি খাতের প্রতিষ্ঠান সেফপ্রো টেকনোলজিস ইনকরপোরেশন বাংলাদেশ থেকে ওয়ালটনের তৈরি এই মাদারবোর্ড আমদানি করছে। আমেরিকার স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সব ধরনের মানুষের জীবন রক্ষায় কার্যকর নিরাপত্তা ব্যবস্থা সরবরাহে সেফপ্রো টেকনোলজিস ইনকরপোরেশনের ব্যাপক সুনাম ও অবদান রয়েছে।