মিডিয়া

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করবে সরকার: তথ্যমন্ত্রী

গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে সব অংশীজনকে সঙ্গে নিয়ে সংস্কার কার্যক্রম পরিচালনা করা হবে এবং গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে সরকার কাজ করবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। 

বৃহস্পতিবার (১৮ জুন) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় গণমাধ্যম কমিশনের রূপরেখা প্রণয়নের লক্ষ্যে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জহির উদ্দিন স্বপন বলেন, “দেশের গণমাধ্যম খাতের সব পক্ষকে একই প্ল্যাটফর্মে আনার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এর সুদূরপ্রসারী প্রভাব থাকবে এবং গণমাধ্যমের ভবিষ্যৎ কাঠামো নির্ধারণে এটি একটি বড় সুযোগ তৈরি করেছে।” সরকার এ ক্ষেত্রে সমন্বয়কারীর ভূমিকা পালন করবে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, “এই কর্মশালার মাধ্যমে জাতীয় গণমাধ্যম কমিশন গঠনের লক্ষ্যে একটি সুস্পষ্ট পথরেখা তৈরি করা সম্ভব হবে, যা গণমাধ্যমের স্বাধীনতা, জবাবদিহিতা ও পেশাগত মানোন্নয়নে সহায়ক হবে।”

কর্মশালায় বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, “কেউ ভুলের ঊর্ধ্বে নয়। তাই দায়িত্বশীল ও গঠনমূলক সাংবাদিকতার মাধ্যমে সরকারের ভুলত্রুটি তুলে ধরা প্রয়োজন, যাতে সেগুলো সংশোধনের সুযোগ সৃষ্টি হয়।”

কর্মশালায় গণমাধ্যম সংস্কার, স্বাধীনতা, জবাবদিহিতা এবং জাতীয় গণমাধ্যম কমিশনের কাঠামো নিয়ে বিভিন্ন অংশীজন তাদের মতামত তুলে ধরেন। বক্তারা একটি স্বাধীন, জবাবদিহিমূলক ও পেশাদার গণমাধ্যম ব্যবস্থা প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।