সারা বাংলা

কেন্দুয়ায় পৃথক স্থানে বজ্রপাতে ২ জনের মৃত্যু

নেত্রকোণার কেন্দুয়া উপজেলার পৃথক স্থানে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) ভোর থেকে সকাল পর্যন্ত হওয়া বজ্রপাতে তারা মারা যান।

নিহতরা হলেন- উপজেলার মাসকা ইউনিয়নের দিগলী গ্রামের সুরুজ আলীর ছেলে শামসুল হুদা (৫৫) ও একই উপজেলার সান্দিকোনা এলাকার আশরাফুল ইসলাম (২৫)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে শামসুল হুদা মাছ ধরতে গ্রামের পাশের মোড়াইল বিলে যান। ভোর ৬টার দিকে বজ্রপাত হলে তার মৃত্যু হয়।

অন্যদিকে, আশরাফুল ইসলাম দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত ছিলেন। বৃহস্পতিবার সকালে সান্দিকোনা গ্রামের শ্মশানসংলগ্ন একটি খাল থেকে তার মরদেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, তিনিও বজ্রপাতে মারা গেছেন।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী মাকসুদ জানান, দুই ঘটনায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।