অর্থনীতি

পরোটার উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে গোল্ডেন হারভেস্ট

পরোটার উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ। বাজারে চাহিদা বাড়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে কোম্পানির পরিচালনা পর্ষদ।  

বৃহস্পতিবার (১৮ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, বাজারে চাহিদা বাড়ায় কোম্পানিটি গাজীপুর কারখানায় একটি নতুন পরোটা উৎপাদন লাইন ক্রয় ও স্থাপন করবে। এর মাধ্যমে উৎপাদন সক্ষমতা বাড়িয়ে বাজারের বিদ্যমান চাহিদা পূরণ করা হবে।

কোম্পানি পর্ষদ মনে করছে, নতুন উৎপাদন লাইন চালু হলে পরোটা উৎপাদনের সক্ষমতা বাড়বে। ফলে বাজারে পণ্যের সরবরাহ আরও জোরদার করা সম্ভব হবে। একইসঙ্গে ক্রমবর্ধমান ভোক্তা চাহিদা পূরণে প্রতিষ্ঠানটির সক্ষমতা বাড়বে।

তবে নতুন উৎপাদন লাইনের জন্য সম্ভাব্য বিনিয়োগের পরিমাণ, স্থাপনের সময়সীমা কিংবা উৎপাদন সক্ষমতা কতটা বাড়বে এসব বিষয়ে কোম্পানির পক্ষ থেকে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। 

উল্লেখ্য, গোল্ডেন হারভেস্ট ২০১৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়।