রাজধানীর মহাখালীতে ঝটিকা মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিল থেকে কয়েকটি ককটেল বিস্ফোরণেরও ঘটনা ঘটে। এই ঘটনায় তিনজনকে আটক করেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ।
বৃহস্পতিবার ( ১৮ জুন) সকালে এ ঘটনা ঘটে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার অফিসার ইনচার্জ মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন মিজানুর রহমান, শামিম আর বেবি ও শামীম হোসেন। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে মহাখালী আইসিডিডিআরবি-এর সামনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা জড়ো হয়ে বাস টার্মিনালের দিকে মিছিল নিয়ে যান। তারা বিভিন্ন দাবিতে স্লোগান দিচ্ছিলেন। মিছিলটি টার্মিনাল এলাকায় পৌঁছালে ৪-৫টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মিছিলকারীরা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে।