দেশের বরেণ্য চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ার রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। নিউমোনিয়ার ব্যাকটেরিয়ায় আক্রান্ত হয়ে গত চার দিন ধরে আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার স্ত্রী মেরী মনোয়ার।
অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে নিয়ে যান মুস্তাফা মনোয়ারকে। এ তথ্য উল্লেখ করে মেরী মনোয়ার বলেন, “১৪ জুন ওনাকে হাসপাতালের জরুরি বিভাগে দেখাতে নিয়ে গিয়েছিলাম। ওনার প্রেসার ও অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছিল। অবস্থা বুঝে চিকিৎসকরা আইসিইউতে রাখার পরামর্শ দেন। গত চারদিন ধরে আইসিইউতে রয়েছেন তিনি।”
পরিবার সূত্রে জানা যায়, প্রায় দুই বছর ধরে বয়সজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছেন মুস্তাফা মনোয়ার। এ সময়ে একাধিকবার তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। ২০২৪ সালের সেপ্টেম্বরে তার শারীরিক অবস্থার অবনতি হলে কিছু সময়ের জন্য লাইফ সাপোর্টেও রাখা হয়। পরে অবস্থার উন্নতি হলেও এবার নিউমোনিয়ার সংক্রমণ তার শারীরিক অবস্থাকে আরো জটিল করে তুলেছে।
মুস্তাফা মনোয়ার বাংলাদেশের শিল্প-সংস্কৃতির অন্যতম উজ্জ্বল ব্যক্তিত্ব। কর্মজীবনের শুরুতে তিনি তৎকালীন আর্ট কলেজে শিক্ষকতা করেন। পরে পাপেট শিল্পকে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে পথিকৃৎ হিসেবে বিশেষ পরিচিতি লাভ করেন। বাংলাদেশ টেলিভিশনে শিশুদের জন্য নির্মিত তার বিভিন্ন অনুষ্ঠান, বিশেষ করে পাপেটভিত্তিক পরিবেশনা, প্রজন্মের পর প্রজন্মের দর্শকের কাছে আজও স্মরণীয়।
চিত্রকলা, শিশুতোষ সংস্কৃতি, টেলিভিশন ও পাপেট শিল্পে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৪ সালে একুশে পদক লাভ করেন মুস্তাফা মনোয়ার। এছাড়া ২০১৮ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমি তাকে মর্যাদাপূর্ণ ‘সুলতান স্বর্ণপদক’ প্রদান করে। তার দ্রুত সুস্থতা কামনা করছেন দেশের শিল্পী, সংস্কৃতিকর্মী, সহকর্মী ও অসংখ্য গুণমুগ্ধ।