সারা বাংলা

বগুড়ার উন্নয়ন প্রশ্নবিদ্ধ করতেই পরিকল্পিত অপপ্রচার: শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, ‘‘বগুড়ার উন্নয়ন কার্যক্রম যখন এগিয়ে নিতে সরকার কাজ শুরু করেছে, তখন একটি মহল নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। উন্নয়ন কার্যক্রম প্রশ্নবিদ্ধ করতেই পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে।’’

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (১৮ জুন) বগুড়ার শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের বহিঃবিভাগ ও আন্তঃবিভাগে কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘‘সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণার মাধ্যমে জনগণের দৃষ্টি ভিন্নখাতে নেওয়ার অপচেষ্টা চালানো হতে পারে। কিছু গোষ্ঠী স্বৈরাচার পুনর্বাসনের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে অপপ্রচার চালাচ্ছে।’’ তিনি বলেন, ‘‘স্বৈরাচার আওয়ামী লীগকে আর কখনোই বাংলাদেশের রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না।’’ 

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘‘দীর্ঘ ১৭ বছর বগুড়া রাজনৈতিক বৈষম্য ও উন্নয়ন বঞ্চনার শিকার হয়েছে। শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের ৬ তলা ভবনকে ৮ তলায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পাশের বহুতল ভবন অধিগ্রহণ করে হাসপাতালের চিকিৎসাসেবা সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে সরকারের।’’ 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি। উদ্বোধক হিসেবে বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এমপি, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা একেএম মাহবুবুর রহমান, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এমআর ইসলাম স্বাধীন এবং জেলা পরিষদ প্রশাসক আহসানুল তৈয়ব জাকির প্রমুখ।