ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি দক্ষিণ বাজারে বিএনপির দুই গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত কুটি দক্ষিণ বাজার ও আশপাশের এলাকায় এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
স্থানীয়রা জানিয়েছেন, কুটি ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ব্যানারে একই স্থানে ও একই সময়ে পৃথক দুটি কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এর মধ্যে একটি পক্ষ কসবা আখাউড়ার সংসদ সদস্য ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মুশফিকুর রহমানকে অভিনন্দন জানিয়ে একটি আনন্দ র্যালির আয়োজন করে।
অপরদিকে, বিএনপির আরেকটি পক্ষ কুটি ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সভাপতি মাহবুবুল ইসলাম শাহীনকে সংবর্ধনা দিতে আলোচনা সভার আয়োজন করে। ওই সভায় কসবা উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফখর উদ্দিন খান প্রধান অতিথি এবং সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপনের প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা ছিল।
একই স্থান ও সময়ে দুই পক্ষের কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন জরুরি ভিত্তিতে ১৪৪ ধারা জারি করে। এর ফলে ওই এলাকায় সব ধরনের সভা, সমাবেশ, মিছিল ও গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে।
নিষেধাজ্ঞা জারির পর থেকে কুটি দক্ষিণ বাজার ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
কসবা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছামিউল ইসলাম বলেছেন, “একই স্থান ও সময়ে বিএনপির দুই গ্রুপের কর্মসূচি থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দুপুর ২টা থেকে রাত ১২টা পর্যন্ত কুটি দক্ষিণ বাজার এলাকায় ১৪৪ ধারা জারি থাকবে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।”