সারা বাংলা

লবণবোঝাই কাভার্ড ভ্যানে মিললো পৌনে ৫ কোটি টাকার ইয়াবা

কুমিল্লার পদুয়ার বাজার এলাকায় লবণবোঝাই একটি কাভার্ড ভ্যানে তল্লাশি করে প্রায় পাঁচ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় কাভার্ড ভ্যান মালিক ও চালকসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।

গ্রেপ্তাররা হলেন- কাভার্ড ভ্যান মালিক সিরাজগঞ্জের শিপন শেখ, প্রাইভেটকার চালক রুবেল, যাত্রী সোহেল রানা, কাভার্ড ভ্যান চালক মোজাহের শেখ এবং চালকের সহকারী সুরুজ হোসেন।

পুলিশ সুপার আনিসুজ্জামান বলেন, চৌদ্দগ্রাম থেকে একটি প্রাইভেটকারে করে ইয়াবার চালান ঢাকার দিকে যাওয়ার খবর পাওয়া যায়। পরে গোয়েন্দা পুলিশ সদস্যরা সন্দেহভাজন প্রাইভেটকারটি আটক করে চালক ও আরোহীকে জিজ্ঞাসাবাদ করেন।

জিজ্ঞাসাবাদে এক পর্যায়ে তারা কাভার্ড ভ্যানে লবণ পরিবহনের আড়ালে ইয়াবা পাচারের কথা স্বীকার করেন। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পদুয়ারবাজার এলাকায় কাভার্ড ভ্যানটি আটক করা হয়।

কাভার্ড ভ্যানটি স্থানীয় একটি গ্যারেজে নিয়ে উপরের অংশ কেটে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১৬টি প্যাকেট থেকে ১ লাখ ৬০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৪ কোটি ৮০ লাখ টাকা বলে জানান পুলিশ সুপার।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশ সুপার আনিসুজ্জামান।