সারা বাংলা

ভাইয়ের হাতে ভাই খুন, মামলা করলেন বাবা 

গাইবান্ধায় মোটরসাইকেলের মালিকানা নিয়ে দ্বন্দ্বে ছোট ভাই রাকিবের (১৮) হাতে খুন হয়েছেন বড় ভাই সাকিব হোসেন (২২)। 

বুধবার (১৭ জুন) দিবাগত রাতে গোবিন্দগঞ্জ উপজেলার পৌর শহরের ৯ নাম্বার ওয়ার্ডের মাগুরা গ্রামে এই হত্যাকাণ্ডের  ঘটনা ঘটে। নিহত সাকিব ও অভিযুক্ত রাকিব সহোদর। তাদের বাবার নাম এরশাদুল হক।  

পরদিন বৃহস্পতিবার বিকালে ঘটনার সত্যতা নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার রাতে বাড়ির মোটরসাইকেল কার কাছে থাকবে এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে ছোট ভাই রাকিব উত্তেজিত হয়ে বড় ভাই সাকিবকে ছুরিকাঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় সাকিবকে পরিবারের লোকজন প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে পৌঁছলে কর্তব্যরত চিকিৎসক সাকিবকে মৃত ঘোষণা করেন। 

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক রাইজিংবিডি ডটকমকে বলেন, প্রাথমিকভাবে জানা গেছে একটি মোটরসাইকেল নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্ক থেকে ঘটনার সূত্রপাত। লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় নিহতের বাবা এরশাদুল হক বাদি হয়ে ছোট ছেলের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।