স্ত্রী আফরা ইভনাথ খান ইকরাকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় ছোটপর্দার অভিনেতা জাহের আলভীর জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এ নির্দেশে সন্তুষ্টি প্রকাশ করে জাহের আলভীর সর্বোচ্চ শাস্তি চেয়েছেন ইকরার বাবা ও মামলার বাদী কবির হায়াত খান।
বৃহস্পতিবার (১৮ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে জামিন চান জাহের আলভী। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালত প্রাঙ্গণে সংবাদমাধ্যমকে কবির হায়াত খান বলেন, “আজকে বিজ্ঞ আদালতের এই নির্দেশে আমি সন্তুষ্ট। আমি সুষ্ঠু বিচার প্রত্যাশী। আমি জাহের আলভীর সর্বোচ্চ শাস্তি চাই।”
স্ত্রীর সঙ্গে জাহের আলভী
রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশীদ গণমাধ্যমকে বলেন, “আত্মসমর্পণের পর আসামিপক্ষ জামিন আবেদন করে। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন এবং আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।”
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি মিরপুরের ডিওএইচএসের বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ইকরাকে উদ্ধার করেন পরিবারের সদস্যরা। পরে বাসার মালিকসহ স্বজনরা মিলে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই দিন রাতেই মিরপুর মডেল থানায় মামলা করেন ইকরার বাবা কবির হায়াত খান। দীর্ঘদিনের ‘পারিবারিক কলহ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণেই’ ইকরা আত্মহত্যা করতে ‘বাধ্য হয়েছেন’ বলে মামলায় অভিযোগ করেন তিনি।
গত ৪ জুন, একই মামলায় জাহের আলভীর মা নাসরিন সুলতানা শিউলি আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন।
স্ত্রী-পুত্রের সঙ্গে জাহের আলভী
বলে রাখা ভালো, ২০১০ সালের ৯ নভেম্বর মাত্র ১৯ বছর বয়সে পালিয়ে বিয়ে করেছিলেন আলভী-ইকরা। দীর্ঘ ১৪ বছর পর অর্থাৎ ২০২৪ সালে তাদের বিয়ের খবরটি প্রকাশ্যে আসে। তাদের একটি পুত্রসন্তান রয়েছে।