ফিলিস্তিনের গাজা উপত্যকায় গত অক্টোবর থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি আবারো লঙ্ঘন করে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে অন্তত তিন ফিলিস্তিনি নিহত এবং আরো বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর আনাদোলুর।
একটি চিকিৎসা সূত্র আনাদোলুকে জানিয়েছে, বৃহস্পতিবার (১৮ জুন) কেন্দ্রীয় গাজা সিটির অন্যতম ব্যস্ত ও ঘনবসতিপূর্ণ এলাকা আবু খাদরা মোড়ে একটি বেসামরিক গাড়ি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইসরায়েলি ড্রোন। পরবর্তীতে ঘটনাস্থল থেকে তিন ফিলিস্তিনির মরদেহ এবং বেশ কয়েকজন আহত ব্যক্তিকে উদ্ধার করে আল-সারায়া ফিল্ড হাসপাতালে নিয়ে আসা হয়।
প্রত্যক্ষদর্শীদের মতে, একটি ইসরায়েলি ড্রোন ওই শহরের আবু খাদরা মোড় দিয়ে যাওয়ার সময় গাড়িটি লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এই হামলার ফলে গাড়িটিতে আগুন ধরে যায়।
হামলাটি গাজা সিটির অন্যতম ব্যস্ত এবং ঘনবসতিপূর্ণ এলাকায় ঘটেছে, যেখানে সারাদিনই সাধারণ মানুষের ব্যাপক আনাগোনা থাকে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১০ অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ১ হাজার ৭ জন ফিলিস্তিনি নিহত এবং ৩ হাজার ১৬৫ জন আহত হয়েছেন।
ইসরায়েলের ধ্বংসাত্মক যুদ্ধের ফলে ঘরবাড়ি সম্পূর্ণ বা আংশিক ধ্বংস হয়ে যাওয়ায় লাখ লাখ ফিলিস্তিনি বর্তমানে পুরো গাজা উপত্যকা জুড়ে তাঁবু এবং অস্থায়ী আশ্রয়ে বসবাস করছেন। এর ফলে তারা বারবার বাস্তুচ্যুত হতে বাধ্য হয়েছেন এবং এমন সব ক্যাম্পে আশ্রয় নিয়েছেন যেখানে মৌলিক জীবনযাত্রার মান ও প্রয়োজনীয় সেবাগুলোর ব্যাপক অভাব রয়েছে।
২০২৩ সালের ৮ অক্টোবর গাজায় ইসরায়েলের এই আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত নিহতের মোট সংখ্যা ৭৩ হাজার ছাড়িয়েছে এবং আহতের সংখ্যা ১ লাখ ৭৩ হাজারের গণ্ডি পার হয়েছে। দীর্ঘদিনের এই সংঘাতের ফলে গাজা উপত্যকার প্রায় ৯০ শতাংশ বেসামরিক অবকাঠামো ব্যাপকভাবে ধ্বংস হয়ে গেছে।