আন্তর্জাতিক

৮৭৬ কোটির তহবিল রক্ষায় মরিয়া কালীঘাট-তৃণমূল

নিজের হাতে প্রতিষ্ঠিত দলের রাজনৈতিক নিয়ন্ত্রণ আগেই হারিয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দলের আর্থিক ও আইনি নিয়ন্ত্রণ ধরে রাখতে কঠিন চ্যালেঞ্জের মুখে মমতা। 

ভারতের দ্বিতীয় সম্পদশালী মমতার দল তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্টগুলোতে রয়েছে মোট ৬২৫ কোটি ৭৯ লাখ ৮৭ হাজার ২৬৪ রুপি লিকুইড মানি। 

ফিক্সড ডিপোজিট হিসেবে রয়েছে ২৫০ কোটি ৭৭ লাখ ২৮ হাজার ৩২২ রুপি। ব্যাংক ব্যালান্স মিলিয়ে তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্টগুলোতে থাকা মোট রুপির পরিমাণ ৮৭৬ কোটি ৫৭ লাখ ১৫ হাজার ৫৮৬ রুপি।

এছাড়াও সর্বশেষ অডিট রিপোর্ট অনুযায়ী, চেক হিসেবে তৃণমূলের ঘরে রয়েছে আরো ৫০ কোটি রুপি। 

এর বাইরে দলটির কেন্দ্রীয় ও আঞ্চলিক কার্যালয় মিলিয়ে নগদ বা ক্যাশ হিসেবে রয়েছে ৩১ লাখ ২৮ হাজার ২৮ রুপি।

বর্তমানে তৃণমূল কংগ্রেস দুই ভাগে বিভক্ত হওয়ার পর নিজেদের আসল তৃণমূল দাবি করা ঋতব্রত পক্ষ বিপুল এই ব্যাংকে গচ্ছিত নগদ অর্থ ও সই করা চেকগুলো অবৈধভাবে কাজে লাগিয়ে ব্যাংক থেকে অর্থ তুলে নিতে পারে বলে তীব্র আশঙ্কা করছে মমতার সঙ্গে থাকা (অবশিষ্ট কালীঘাট) তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব।

এমন অবস্থায় দলের তহবিল রক্ষা করতে ও তহবিলের ওপর নিয়ন্ত্রণ ধরে রাখতে যুদ্ধকালীন তৎপরতায় বেসরকারি ব্যাংকের অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানিয়েছেন খোদ তৃণমূল কংগ্রেসের (কালীঘাট) কোষাধ্যক্ষ অরূপ বিশ্বাস। 

কোনোরকম রাখঢাক না করে এবং নিজেকে পার্টির কোষাধ্যক্ষ দাবি করে সম্প্রতি এইচডিএফসি ব্যাংকে দেওয়া একটি আবেদনে অরূপ বিশ্বাস জানিয়েছেন, “বর্তমানে তৃণমূলের ভেতরে ‘প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী’ বা ‘রাইভাল গ্রুপ’ তৈরি হয়েছে, যারা নিজেদেরই দলের আসল প্রতিনিধি বলে দাবি করছে। এই পরিস্থিতিতে তহবিলের নিয়ন্ত্রণ বেহাত হওয়ার আশঙ্কা রয়েছে। সবদিক বিবেচনা করে দলের অ্যাকাউন্টের সমস্ত ডেবিট ট্রানজেকশন এবং অপারেশনাল স্ট্যাটাস অবিলম্বে স্থগিত রাখা হোক।”