সারা বাংলা

স্কুল শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, চিরকুট জব্দ

নরসিংদীর শিবপুরে বিল্লাল হোসেন নামের এক স্কুল শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি চিরকুট জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) সকালে শিবপুর উপজেলার কলেজ গেট এলাকার ভাড়া বাসা থেকে বিল্লাল হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। তিনি শিবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। 

বিল্লাল হোসেন গাজীপুরের কাপাসিয়া উপজেলার হাসান আলীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে শিবপুর কলেজ গেট এলাকায় থাকতেন।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে বিল্লাল হোসেন নিজের ঘরের দরজা বন্ধ করে ভেতরে অবস্থান করছিলেন। কিছুক্ষণ পার হওয়ার পরও তার কোনো সাড়া-শব্দ না পেয়ে পরিবারের সদস্যদের মনে সন্দেহের দানা বাঁধে। পরে তারা প্রতিবেশীদের খবর দিলে এলাকাবাসী এসে ঘরের দরজা খোলেন। এ সময় ঘরের ভেতরের সিলিং ফ্যানের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পাওয়া যায়। 

খবর পেয়ে শিবপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। মরদেহের পাশ থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, সে বিষয়ে তদন্ত করছে পুলিশ।

শিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) কোহিনুর মিয়া বলেছেন, “একজন জনপ্রিয় ও দায়িত্বশীল শিক্ষকের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্থানীয় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।”