সারা বাংলা

বিক্রি হওয়া নবজাতককে মায়ের কোলে ফিরিয়ে দিলো পুলিশ

মাগুরার সদর উপজেলার বেরইল পলিতা ইউনিয়নের রামদেরগাতী গ্রামে নিজের ১ মাস ২৫ দিনের কন্যাশিশুকে স্ত্রীর অজান্তে বিক্রি করেন সাগর হোসেন। সেই শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দিয়েছে পুলিশ। এ ঘটনায় শিশুটির বাবাসহ চারজনকে আটক করা হয়েছে।

পুলিশ জানায়, রামদেরগাতী গ্রামের বাসিন্দা মো. সাগর হোসেন (৩৪) গত ২৭ মে তার স্ত্রী তানজিলা খাতুনের অজান্তে তাদের কন্যাশিশু টুকটুকিকে দত্তক দেওয়ার কথা বলে মাগুরা সদর উপজেলার দক্ষিণ বীরপুর গ্রামের মো. শাহাবুর (২৮) ও তার স্ত্রী মনিরা খাতুনের কাছে ২৫ হাজার টাকার স্ট্যাম্পে লিখিত চুক্তির মাধ্যমে হস্তান্তর করেন।

সন্তানকে না পেয়ে তানজিলা খাতুন বার বার স্বামীর কাছে জানতে চাইলে সাগর হোসেন তাকে বিভ্রান্ত করতে শিশুটিকে ‘জিনে নিয়ে গেছে’ বলে জানান। এমনকি কবিরাজের মাধ্যমে জিনের কাছ থেকে শিশুকে ফিরিয়ে আনার আশ্বাস দিয়ে প্রায় দুই মাস সময়ক্ষেপণ করেন।

ঘটনাটি প্রকাশ্যে এলে মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের নির্দেশনায় শত্রুজিৎপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই শুভংকর রায় তদন্ত শুরু করেন। তথ্যপ্রযুক্তির সহায়তা, গোপন অনুসন্ধান এবং স্থানীয় সূত্রের তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে দক্ষিণ বীরপুর গ্রামের শাহাবুর-মনিরা দম্পতির বাড়িতে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়।

পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে উদ্ধার হওয়া নবজাতককে তার মা তানজিলা খাতুনের কোলে ফিরিয়ে দেওয়া হয়।

মাগুরা জেলা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের বৃহস্পতিবার (১৮ জুন) রাত ৮টায় নিজের সম্মেলন কক্ষে এ সব তথ্য জানান।

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাগর হোসেন পুলিশের কাছে স্বীকার করেন, অভাবের তাড়নায় তিনি সন্তানকে অন্যের কাছে দিয়ে দেন। পরে স্ত্রীকে সান্ত্বনা দিতে ‘জিনে নিয়ে গেছে’—এমন গল্প সাজিয়েছিলেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।