নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার শান্তিরবাজার এলাকায় প্রতারণা করে সাধারণ মানুষের কাছ থেকে দীর্ঘদিন ধরে টাকা আদায়ের অভিযোগে ‘ভুয়া ডিবি’ ভেবে তিন পুলিশ সদস্যকে গণপিটুনি দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, অভিযুক্ত তিনজনের নাম মামুন, আমান ও কবির। তারা কেরানীগঞ্জ থানায় তারা কর্মরত ছিলেন।
অভিযোগ রয়েছে, ওই তিন পুলিশ সদস্য বিভিন্ন সময় প্রতারণা করে সাধারণ মানুষের কাছ থেকে প্রায় ১২ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।
স্থানীয়রা তাদের আচরণে সন্দেহ প্রকাশ করেন। অনেকের ধারণা ছিল, প্রকৃত পুলিশ কখনো এভাবে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আদায় করতে পারেন না। এ কারণে এলাকাবাসী তাদের ‘ভুয়া ডিবি’ সদস্য মনে করে আটক করে গণপিটুনি দেয়। বিষয়টি জানাজানি হলে তাদের প্রকৃত পরিচয় শনাক্ত করা হয়। পরে আড়াইহাজার থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে এসে তিনজনকে নিজেদের হেফাজতে নিয়ে যান।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযোগের সত্যতা যাচাই করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেছেন, “প্রথমে তিন পুলিশ সদস্যকে গাউসিয়া এলাকা থেকে আটক করে আড়াইহাজারের শান্তিবাজারে নিয়ে মারধর করে আটক করে রাখেন এলাকাবাসী। পরে আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদেরকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করি। এ বিষয়ে তদন্ত চলছে।”