জাতীয়

সংসদে মামুনুল হক প্রসঙ্গ, বক্তব্য কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার নির্দেশ

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনার সময় বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মামুনুল হককে নিয়ে দেওয়া এক বক্তব্য কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, “সংসদে এমন কারো বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা সমীচীন নয়, যার পক্ষে উপস্থিত থেকে জবাব দেওয়ার সুযোগ নেই।”

বৃহস্পতিবার (১৮ জুন) সংসদের বাজেট অধিবেশনে আলোচনায় অংশ নিয়ে ঢাকা-১ আসনের সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক মামুনুল হককে ঘিরে অতীতের একটি বিতর্কিত ঘটনার প্রসঙ্গ উত্থাপন করেন। এ সময় তিনি ‘মুতা বিয়ে’ বিষয়টিও উল্লেখ করেন।

বক্তব্যের একপর্যায়ে আবু আশফাক বলেন, “বিভিন্ন বিষয়ে সরকারের সমালোচনা করা হলেও অতীতে আলোচিত কিছু ঘটনার ব্যাখ্যা এখনো স্পষ্ট হয়নি।” তিনি মামুনুল হককে ঘিরে ২০২১ সালের ঘটনাও উল্লেখ করেন।

এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ সংসদ সদস্যকে অপ্রাসঙ্গিক বিষয় আলোচনায় না আনার আহ্বান জানান। তিনি বলেন, “সংসদে এমন কারো বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করা সমীচীন নয়, যার পক্ষে উপস্থিত থেকে জবাব দেওয়ার সুযোগ নেই।” ব্যক্তিগত জীবনসংক্রান্ত বিষয় সংসদীয় আলোচনার বিষয় হওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

স্পিকার জানান, মামুনুল হক সম্পর্কিত উত্থাপিত বিষয়টি সংসদের কার্যবিবরণীতে রাখার প্রয়োজন নেই। একজন রাজনৈতিক নেতার ব্যক্তিগত বা বিতর্কিত বিষয় সংসদে আলোচিত হোক, তা তিনি চান না।

এরপর পয়েন্ট অব অর্ডারে কথা বলেন বিরোধী দলের উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। তিনি বলেন, “মামুনুল হক সম্পর্কে সংসদে যে তথ্য উপস্থাপন করা হয়েছে, তা সঠিক নয়। এছাড়া, সংশ্লিষ্ট ব্যক্তি সংসদে উপস্থিত না থাকায় তার বিষয়ে আলোচনা না করাই সমীচীন।” বক্তব্যটি কার্যবিবরণী থেকে বাদ দেওয়ারও অনুরোধ জানান তিনি।

পরে সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম অসংসদীয় ও অনুপযুক্ত অংশ কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার দাবি জানান। তার প্রস্তাবের পর স্পিকার বিষয়টি এক্সপাঞ্জ করার নির্দেশ দেন। পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দেন মুজিবুর রহমানও। তিনি বলেন, “বিষয়টি নিয়ে আর আলোচনা না করাই শ্রেয়।”

২০২১ সালের ৩ এপ্রিল মামুনুল হককে সোনারগাঁর একটি রিসোর্টে এক নারীসহ অবস্থানকালে স্থানীয়দের বাধার মুখে পড়তে হয়েছিল। পরে ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। মামনুল হক তখন দাবি করেন, ওই নারী তার বিবাহিত স্ত্রী।