সাবেক ত্রাণ ও নৌ পরিবহন প্রতিমন্ত্রী এবং বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হারুন অর রশিদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৭ বছর।
বৃহস্পতিবার (১৮ জুন) রাত ৯টা ৮ মিনিটে ঢাকার বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে তিনি মারা যান।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ এ তথ্য জানিয়েছেন।
হারুন অর রশিদ ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসন থেকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি হিসেবে দলীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
তার মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ায় শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।