মেহেরপুর সীমান্ত দিয়ে আবারও চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সীমান্তে শক্ত অবস্থান নিয়ে আবারও বিএসএফের সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১৯ মে) ভোরে মেহেরপুর সদর উপজেলার খালপাড়া এলাকায় সীমান্তের শূন্যরেখার ওপারে ভারতীয় ভূখণ্ডে চারজন ব্যক্তিকে দেখতে পাওয়া যায়। বিজিবি তাৎক্ষণিকভাবে কঠোর অবস্থান নেয় বিএসএফের পুশইন ঠেকাতে।
স্থানীয়রা জানিয়েছেন, বিএসএফ চারজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে। তাদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী। তবে তাদের পরিচয়, জাতীয়তা কিংবা কী কারণে তাদের সীমান্তে আনা হয়েছিল, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। বিজিবির সঙ্গে স্থানীয়রাও সীমান্তে অবস্থান নিয়েছে।
তারা বলেন, “আমরা চাই, তাদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে ফেরত দিক। কিন্তু, অবৈধভাবে দিলে আমরা কখনোই তা মেনে নেব না। আমরা সব সময় বিজিবির সাথে আছি।”
এলাকাবাসী জানান, বিজিবি সদস্যরা ঘটনাস্থলে শক্ত অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুশইন ঠেকাতে সীমান্ত এলাকায় কঠোর নজরদারি রাখা হয়েছে।
এ বিষয়ে বিজিবি-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বলেছেন, “শুক্রবার ভোরে বিএসএফ চারজনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছিল। কিন্তু, বিজিবির কঠোর অবস্থানের কারণে বিএসএফ ব্যর্থ হয়। সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। স্থানীয় জনগণ আমাদের সহযোগিতা করছে। যেকোনো ধরনের পুশইন প্রতিরোধে বিজিবি বদ্ধপরিকর।”
এর আগে গত ৬ জুন (শনিবার) ভোরে মেহেরপুরের গাংনীর তেঁতুলবাড়ীয়া সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইনের চেষ্টা করে বিএসএফ। তার এ চেষ্টা ব্যর্থ করে দেয় বিজিবি। বিজিবির শক্ত অবস্থানের কারণে সেই ছয়জনকে ফেরত নিতে বাধ্য হয় বিএসএফ।