আন্তর্জাতিক

টানা বৃষ্টিতে জলমগ্ন কলকাতা

টানা বৃষ্টিতে নাকাল কলকাতা। জল থই থই উত্তর থেকে দক্ষিণ। সেন্ট্রাল অ্যাভিনিউ, মহাত্মা গান্ধী রোড, আমহার্স্ট স্ট্রিট, সল্টলেক সেক্টর ফাইভের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। একই চিত্র দেখা গেছে দমদম, বাগুইআটি, কৈখালী এলাকায়। 

শুক্রবার (১৯ জুন) সকালের বৃষ্টির মাঝেই আলিপুর চিড়িয়াখানার ভিতরে একটি অংশে ড্রেনের পাইপে ফুটো হয়ে পানি আটকে যায়। পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে সেখানে পৌঁছে যান রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পানি বের করতে উপযুক্ত পদক্ষেপের নির্দেশ দেন সংশ্লিষ্ট কর্মকর্তাদের। 

মন্ত্রী জানান, জমা পানির কারণে কেউ সমস্যায় পড়ল অবিলম্বে কেএমসির হেল্পলাইন নম্বরে ফোন করে জানান। পুর ও নগরোন্নয়ন দফতরের ওয়েবসাইটে জানানোর কথাও বলেছেন তিনি।

বর্ষণমুখর দিনে শহরের জলবন্দি দশা আর মন্থর ট্র্যাফিকে বিপর্যস্ত নিত্যযাত্রীরা। জমে থাকা পানি পাম্প করে বের করে দেওয়ার কাজ করছে কলকাতা পুরসভা। 

অগ্নিমিত্রা বলেন, “কলকাতার যেখানে যেখানে জল জমেছে, যারা অসুবিধায় পড়ছেন আপনাদের কাছে যদি আমার নম্বর থাকে তাহলে আমাকে জানান । শুভেন্দু অধিকারীর সরকার সব বিষয়ে তৎপর রয়েছে। যেখানে সমস্যা হবে, জানলে আমরা নিজেরা সেখানে পৌঁছে যাব।”