আন্তর্জাতিক

ট্রাম্পের মন্তব্যে চটেছেন ইতালির প্রধানমন্ত্রী

ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি তার একসময়ের ঘনিষ্ঠ মিত্র ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে মনগড়া গল্প তৈরির অভিযোগ করেছেন। শুক্রবার (১৯ জুন) একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ অভিযোগ করেছেন।

চলতি সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট একটি ইতালীয় টিভি চ্যানেলকে বলেছিলেন, জি সেভেন সম্মেলনে মেলোনি তার সাথে একটি ছবি তোলার জন্য ‘অনুরোধ’ করেছিলেন।

মেলোনি জানিয়েছেন, ট্রাম্পের এই মন্তব্যে তিনি ‘বিস্মিত’ হয়েছেন, এই মন্তব্য ছিল ‘সম্পূর্ণ মনগড়া।’ ট্রাম্প তার পুরনো ও প্রতিষ্ঠিত মিত্রদের চেয়ে পশ্চিমা বিশ্বের শত্রুদের প্রতি অনেক বেশি নমনীয় আচরণ করেন।

ট্রাম্পের মন্তব্যে মেলোনির সরকার কতটা ক্ষুব্ধ হয়েছে তা তুলে ধরে ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে তার পরিকল্পিত সফর বাতিল করার ঘোষণা দিয়েছেন।

এই সাম্প্রতিক ঘটনাটি সম্পর্কের তীব্র অবনতির ইঙ্গিত দিচ্ছে। এর মাত্র কয়েকদিন আগেই জি সেভেন সম্মেলনে এমন ইঙ্গিত পাওয়া গিয়েছিল যে, ইরানের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে চলতি বছর সৃষ্ট উত্তেজনার পর এই দুই ডানপন্থী নেতা তাদের পূর্বের তিক্ত সম্পর্ককে স্থিতিশীল করেছেন।

ফ্রান্সে অনুষ্ঠিত সেই অনুষ্ঠানের একটি ভিডিওতে দেখা যায়, মেলোনি ও ট্রাম্প একটি ছোট সোফায় পাশাপাশি বসে গভীর আলোচনায় মগ্ন। কিন্তু ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, তিনি মেলোনির সাথে কথা বলে শুধু তাকে প্রশ্রয় দিয়েছেন।

ইতালির প্রধানমন্ত্রী সম্পর্কে লা সেভেন টিভি চ্যানেলকে দেওয়া এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমি তার সাথে কথা বলায় তিনি সম্ভবত খুশি হয়েছেন। আমার তার সাথে কথা বলার কোনো প্রয়োজন ছিল না। সে আমার সাথে একটি ছবি তোলার জন্য অনুনয় করেছিল। সে আমার সাথে একটি ছবি তোলার জন্য অনেকটা মরিয়া ছিল। আমি হয়তো ছবিটা তুলতাম না, কিন্তু তার জন্য আমার খারাপ লেগেছিল।”

এর প্রতিক্রিয়ায় মেলোনি বলেছেন, “ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য সম্পূর্ণ মনগড়া। আমি সত্যি অবাক। আমি জানি না কেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তার মিত্রদের সাথে এমন আচরণ করেন: তাছাড়া, এটা প্রথমবার নয়।”

তিনি বলেন, “আমি শুধু এটুকুই বলতে পারি যে, এটা হতাশাজনক যে তিনি পশ্চিমা বিশ্ব এবং মার্কিন যুক্তরাষ্ট্রের শত্রুদের প্রতি একই দৃঢ়তা দেখান না, ওই নেতাদের সাথে তিনি বরং অনেক বেশি প্রশ্রয়মূলক আচরণ করেন। একটি বিষয় তার মনে রাখা উচিত: আমি বা ইতালি কেউই কখনো ভিক্ষা করি না।”

পরিকল্পিত মার্কিন সফর বাতিলের ঘোষণা দিয়ে পররাষ্ট্রমন্ত্রী তাজানি এক্স-এ বলেছেন, “প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির প্রতি প্রেসিডেন্ট ট্রাম্পের গুরুতর ও আপত্তিকর মন্তব্য সমগ্র ইতালিকে ক্ষুব্ধ করেছে।”