সারা বাংলা

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে স্কুল ছাত্রের মৃত্যু 

ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রাজিলের পতাকা টাঙাতে আমগাছে উঠে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহিন শেখ (১৪) নামের এক স্কুলছাত্র মারা গেছে। 

শুক্রবার (১৯ জুন) বিকেলে গফরগাঁও উপজেলার পাগলা থানাধীন পাঁচভাগ ইউনিয়নের দক্ষিণ হারিনা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মাহিন শেখ ওই গ্রামের নয়ন শেখের ছেলে। সে পাঁচভাগ ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের  অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, মাহিন শেখ ফুটবল বিশ্বকাপ উপলক্ষে ব্রাজিলের পতাকা টাঙানোর জন্য বাড়ির পাশের আমগাছে ওঠে। পতাকা টাঙানোর বাঁশটি একপাশে হেলে পড়ে আমগাছের পাশ দিয়ে যাওয়া পল্লী  বিদ্যুৎ তারে লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হয় মাহিন। এ সময় গাছের নিচে থাকা ও তার চাচাতো ভাই ফাহিমের চিৎকারে প্রতিবেশী ও পরিবারের লোকজন ছুটে এসে মাহিনকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মাহিনকে মৃত ঘোষণা করেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম। তিনি জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।